উত্তর কোরিয়া রোববার ভোরে আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এ নিয়ে সপ্তম বারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং।
রোববার (৯ অক্টোবর) এই সিরিজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে, ওয়াশিংটন এবং টোকিওতে ব্যাপক শঙ্কার সৃষ্টি হয়েছে।
জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো সংবাদদাতাদের বলেন, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল এবং সেগুলো ছিল ৩৫০ কিলোমিটার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র। প্রথমটি স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটের দিকে, এবং অপরটি তার প্রায় ছয় মিনিট পরে ছোঁড়া হয়।
মার্কিন সামরিক বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণের পর, মিত্র এবং অংশীদারদের সাথে তারা ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘অস্থিতিশীল প্রভাবকে’ তুলে ধরেছে তারা।











