হারিকেন জুলিয়ার আঘাতে মধ্য আমেরিকায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
এপি বলছে, ঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল হিসেবে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সালভাদোরান কর্তৃপক্ষ পাঁচ সৈন্যসহ ১০ জনের মৃত্যুর খবর জানিয়ে বলেছে, এক হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
গুয়াতেমালার দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচজন মারা গেছে, তাদের কবর দেওয়া হয়েছে। এছাড়া মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে উদ্ধার কাজ চালাতে গিয়ে এক সৈন্যসহ নয়জন মারা গেছেন।
এল সালভাদরের কর্তৃপক্ষ জানিয়েছে, কোমাসাগুয়া শহরে আশ্রয় নেওয়া একটি বাড়িতে প্রাচীর ধসে পাঁচজন সৈন্য মারা গেছে। ওই এলাকায় শত শত পুলিশ এবং সৈন্য গ্যাং-বিরোধী অভিযান পরিচালনা করছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক সেনা।











