বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনো অন্যের শক্তি সামর্থ দেখে বিচলিত হবার দল নয়। আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি বটগাছ। বটগাছকে ছোটখাটো ধাক্কা দিয়ে কিছু করা যায় না। জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় হানিফ আরো বলেন, বহুবার বিএনপির তর্জন গর্জন শুনেছে দেশের জনগণ। কিন্তু সেই তর্জন গর্জন জনগণ আমলে নেয়নি। সুতরাং জনগণ যতদিন চাইবে, আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে।
জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইলেকশন কমিশনের কর্মকাণ্ডও গ্রহণযোগ্য ছিল।











