spot_img

অন্যায় আদেশকে অস্বীকৃতি জানাতে হবে: আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে ক্ষমতাসীনদের অন্যায়, অন্যায্য ও বেআইনি আদেশকে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে অগ্রাহ্য করতে হবে, অস্বীকৃতি জানাতে হবে এবং বেআইনি আদেশ পালন থেকে বিরত থাকতে হবে। অন্যথায় রাষ্ট্রীয় কর্তব্য পালনে প্রজাতন্ত্রের কর্মচারীদের মাঝে অনীহা ও নৈতিকভাবে হতাশার সৃষ্টি হবে এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।

আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করা ছাড়াই কথায় কথায় প্রজাতন্ত্রের কর্মচারীদের অবসরে পাঠিয়ে দেওয়া বা চাকরীচ্যুত করা ভয়ঙ্কর অন্যায়। এটা ক্ষমতাসীনদের ক্ষমতা হারানোর ভয়ে ভীত মানসিকতার বহিঃপ্রকাশ। সরকারি কর্মচারীদের সংবিধান বহির্ভূত কাজে ব্যবহার করে পরে সুযোগ বুঝে ছুঁড়ে ফেলার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে।

আজ শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেএসডির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আব্দুল জলিলের শোক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আ স ম আবদুর রব উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

জেএসডি আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা জেএসডির সভাপতি আনোয়ারুল কবির মানিক।
সভায় বক্তব্য রাখেন, জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যা, জনাব আমির হোসেন বিএসসি, জনাব নুর রহমান , সাংস্কৃতিক জোটের আহবায়ক ফারজানা দিবা, ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা।

সভায় অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নির্বাচনবিহীন গণতন্ত্রবিহীন সংবিধানবিহীন রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রকে গভীর সংকটে আবর্তিত করে ফেলেছে। এ সংকট থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে গণঅভ্যুত্থান।

সিরাজ মিয়া বলেন, প্রজাতন্ত্রের সকল রাষ্ট্রযন্ত্রকে সরকার ক্ষমতা ধরে রাখার লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এটাকে আর চলতে দেওয়া যায় না।

মিসেস তানিয়া রব বলেন, দুর্নীতি, অবাধ লুণ্ঠন ও অর্থপাচারে সরকার দেশের জনগণকে চরম দুর্ভোগের মাঝে ঠেলে দিয়েছে। এই সরকারের মত ‘দায়িত্বজ্ঞানহীন’ সরকার বিশ্বের কোথাও নাই। দায়িত্বজ্ঞানহীন সরকারকে অপসারণে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ