যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, আমি চ্যালেঞ্জ দিলাম পারলে আজকের সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছেন তার ১০ ভাগের একভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারেন কি না।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশে এই চ্যালেঞ্জ দেন তিনি।
টুকু বলেন, যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী (১১ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে। যুবলীগের চেয়ারম্যান বলেছেন তারা রাজপথ দখল করবেন। আমি বলছি পারবেন না। রাজপথ আমাদের দখলে রয়েছে এবং থাকবে। আওয়ামী লীগ বলেছিল সেপ্টেম্বর মাস রাজপথ তাদের দখলে থাকবে। কিন্তু তারা রাজপথ দখলে নিতে পারেনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিকদের দখলে থাকবে রাজপথ।
তিনি বলেন, ইতোমধ্যে রাজপথের আন্দোলনে আমাদের তিনজন নেতা নিহত হয়েছেন। আন্দোলনকে আমরা ভয় পাই না। যেকোনো মূল্যে আমরা রাজপথে আন্দোলন সফল করে সরকারের পতন ঘটাব।










