বিএনপি নেতাদের টাকার উৎস নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা পৈতৃক সম্পত্তি বেচে রাজনীতি করি। নেতাকর্মীদের নিজেদের দেওয়া চাঁদার টাকায় সমাবেশ করা হচ্ছে। কিন্তু আপনারা (আওয়ামী লীগ) কী করেন, তা সবাই জানেন।
রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির অঙ্গসংগঠনগুলোর সঙ্গে যৌথসভায় অংশ নেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আমি নাকি দুবাই থেকে টাকা পাই, টাকার ওপর ঘুমাই। বেশি ঘাটবেন না, বেশি ঘাটলে কেঁচো বেরিয়ে আসবে।
ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দিস ইজ ভেরি আনফরচুনেট.. ব্যক্তিগত আক্রমণ করবেন না। সামাল দিতে পারবেন না। কার কয়টা বাড়ি, কার কত টাকা আছে, সবাই জানেন। এত টাকা কোথা থেকে আসে? আমি ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না। এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।
১৫ বছরের শাসনামলে দেশে অর্থনীতিকে আওয়ামী লীগ সরকার ভাগাড়ে নিয়ে পরিণত করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশে দুর্ভিক্ষ চলছে। এটা আমার কথা নয়, খোদ প্রধানমন্ত্রীর কথা।










