দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে হঠাৎ কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠল জাতীয় সংসদের অধিবেশন কক্ষ। মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিএনপিদলীয় সদস্য হারুনুর রশীদ এ খাতে হরিলুট ও ভয়ানক অব্যবস্থাপনার অভিযোগ তোলেন।
জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে বিদ্যুৎ খাতে বিএনপি আমলের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হবে।
হারুনুর রশীদ সম্পূরক প্রশ্নে বলেন, প্রতিমন্ত্রী প্রশ্নোত্তরে বারবার বিএনপি-জামায়াতের কথা টানছেন। বিএনপি আমলে বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপণ্যের দাম কী ছিল? প্রতিমন্ত্রী বিএনপি-জামায়াত সরকারের কথা কমপক্ষে ৫০ বার বলেছেন। আপনি জানাবেন- বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ, গ্যাসের দাম কত ছিল? কেন ১৫ বছর ধরে দায়মুক্তি বজায় রেখেছেন।
এ সময় তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে হরিলুট ও ভয়ানক অব্যবস্থাপনা চলছে। একদিন সময় নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা করতে হবে। ভূতের মুখে রাম নাম গল্প আর শোনায়েন না।
হারুন বলেন, বিএনপি সরকার গ্যাসের যে চুক্তি করেছে- সেটা প্রতিমন্ত্রীর কাছে আছে কিনা? সেটা সংসদে উপস্থাপন করুন। বিএনপির আমলে নিত্যপণ্যের দাম কত ছিল, তার উত্তর দিন। শুধু বিএনপি জোট সরকারের সময় এই হচ্ছে, ওই হচ্ছে গল্প শোনাচ্ছেন।
স্পিকারের কাছে সংসদে জ্বালানি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে হারুন বলেন, প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী যেভাবে বিবৃতি দিচ্ছেন, এটা হয় না। মানুষ বিদ্যুৎ নিয়ে হাহাকার করছে। জ্বালানি উপদেষ্টা বলছেন- দিনের বেলা বন্ধ রেখে রাতে বিদ্যুৎ দেওয়া হবে। বিদ্যুতের দাম ও গ্যাসের দাম না বাড়ানোর আশ্বাস জনগণকে দেন।











