আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের দেওয়া নানা সংস্কার প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, আমরা আইএমএফ দ্বারা পরিচালিত নই। তাদের সব কথা আমরা গিলব না, প্রয়োজন নেই। তারা (আইএমএফ) তাদের কাজ করে যাবে। আমরা আমাদের কাজ করব।
বুধবার (২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমি মাঠে যুবমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আইএমএফ হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, খবরের কাগজে ভর্তি খবর- তারা এটা বলছে, তারা ওটা বলছে। এটা করতে হবে, ওইটা করতে হবে। আমাদের এগুলো পড়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে কাজে মনযোগী হতে হবে। অন্যের কথা শোনা ভালো, কাজ করতে হবে নিজের বিদ্যা-বুদ্ধিতে। আমরা আইএফ দ্বারা পরিচালিত নই, বিশ্বব্যাংক দ্বারা পরিচালিত নই। আমরা অন্য কোনো রাষ্ট্র দ্বারা পরিচালিত নই।
তিনি বলেন, আইএমএফও যে কথা বলে না, বিশ্বব্যাংকও যে কথা বলে না, একটি মহল সাজিয়ে গুছিয়ে সেই কথায় আপন মনের মাধুরী মিশিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ায়। অনুগ্রহ করে এগুলো গিলবেন না। আমি গিলবো না, প্রয়োজন নেই। তারা তাদের কাজ করবে। তাদের কাজ করে যাবে। আমরা আমাদের কাজ করব।











