spot_img

নির্বাচন এলেই একটি গোষ্ঠী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে : পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল শামীম বলেছেন, নির্বাচন এলেই একটি গোষ্ঠী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। দেশের আলেম সমাজকে এ ব্যাপারে সজাগ ও সর্তক থাকতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান নেই।

বুধবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নদভী এমপি।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার একজন খাঁটি ঈমানদার মুসলিম। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলমানদের ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন। ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য মুসলিম সম্প্রদায়কে উৎসাহী করার কৃতিত্ব সম্পূর্ণ তার।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও একটি নতুন মানচিত্রের অমর রূপকার। বাংলাদেশকে সব ধর্মের সব মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে তিনি ছিলেন সদা সচেষ্ট। বঙ্গবন্ধুর শাসনামলে দেশ ও জাতির সার্বিক কল্যাণে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধু অর্থনৈতিক, সামাজিক এবং ভৌত অবকাঠামোগত পদক্ষেপের পাশাপাশি মুসলিমদের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয়াদি বিবেচনায় রেখে ইসলামের প্রচার-প্রসারে বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি যেমন একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মহান স্থপতি, তেমনি বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় ইসলামের প্রচার-প্রসারের স্থপতি। এ দুটি অনন্য সাধারণ অনুষঙ্গ বঙ্গবন্ধুর জীবনকে উজ্জ্বল মহিমা দান করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ