ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী বলেছেন, শিয়া সম্প্রদায় আফগান সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সকল জাতি-গোষ্ঠী অতীতে ভ্রাতৃত্বের সাথে একত্রে বসবাস করেছে। একটি স্বাধীন ও প্রগতিশীল আফগানিস্তান গঠনের জন্য সকল আফগান জাতি গোষ্ঠীর ঐক্য প্রয়োজন।
গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শিয়া সম্প্রদায়ের উলামা ও প্রবীণ ব্যক্তিদের সাথে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
মাওলানা হানাফী আরো বলেন, জাতি, ভাষা, অবস্থান নির্বিশেষে সমস্ত মানুষের সমস্যা, পরামর্শ শোনা ও সমাধান করার জন্য ইসলামী ইমারাত প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে হাজারা শিয়া সম্প্রদায়ের আলেম ওস্তাদ মুহাম্মাদ আকবরী বলেন, “আফগান শিয়ারা, সুন্নি ভাইদের পাশাপাশি বিভিন্ন সময়ে বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে আত্মত্যাগ করেছে। বিশেষ করে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে।”
তালেবান কর্তৃক আফগানিস্তানের সকল জনগণের মধ্যে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “আফগানিস্তানের শিয়া সম্প্রদায় ইসলামি ব্যবস্থাকে সমর্থন করে।”
ওস্তাদ আকবরী শিক্ষা, সমাজ ও উন্নয়ন সংক্রান্ত বিষয় ও ইসলামী ব্যবস্থার প্রতি শিয়া সম্প্রদায়ের পূর্ণ সমর্থনের কথা জানান। পাশাপাশি আরো কিছু বিষয়ে তিনি ইমারাতে ইসলামিয়াকে মনোযোগ দিতে বলেন।
সূত্র : বাখতার নিউজ এজেন্সি











