spot_img
spot_img

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিতের সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর বাংলাদেশের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, দেশটির রাজনৈতিক অস্থিরতা ও করোনার প্রকোপ বিবেচনায় ঢাকা এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রীর জাপান সফর কার পক্ষ থেকে স্থগিত করা হয়েছে-এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা স্থগিত করেছি। তারা প্রস্তুত আছে। আমরা একাধিক কথা চিন্তা করে সফর স্থগিত করেছি।

রোববার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়েছেন। এ দাওয়াতটা আমরা দুই বছর আগে পেয়েছিলাম। কোভিডের কারণে দুই বছরের অধিক সময় হলেও যাওয়া যায়নি। এবার সব ফাইনাল হলো। কিন্তু সম্প্রতি জাপান সরকারের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে। পরপর তিনজন প্রভাবশালী মন্ত্রী পদত্যাগ করেছেন।

মোমেন বলেন, এর মধ্যে আমরা খবর পেয়েছি জাপানের সংসদে কিছু প্রস্তাব আসবে, বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে। তিনি (জাপান প্রধানমন্ত্রী) খুব ব্যস্ত আছেন। দ্বিতীয়ত কোভিডের কারণ। জাপানের এখনও কোভিডের জন্য কোয়ারেন্টাইন করতে হয়। তারা ১০ জনের মতো অনুমতি দেবে। আমরাতো বিরাট দল যাব। ব্যবসায়ীরা যাবে। আমরা ব্যবসায়ীদের নিয়ে যেতে চাই, যেন আমাদের দেশে বিনিয়োগ বাড়ে।

তিনি বলেন, জাপানের সঙ্গে আমাদের বিনিয়োগ বাড়ছে। কিন্তু আমরা আরও বিনিয়োগ চাই। আমরা অবশ্যই জাপানে যাব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ