মার্কিন যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া বিকল ৭০টি যুদ্ধ বিমান ও সামরিক হেলিকপ্টার মেরামত করে ব্যবহার উপযোগী করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।
গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওয়ারিজমি আনাদোলু এজেন্সিকে এ বিষয়ে জানান।
এনায়াতুল্লাহ বলেন, সাবেক সরকারকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৭০টি সামরিক বিমান ও হেলিকপ্টার মেরামত করে ব্যবহার উপযোগী করেছে আফগান বিমান বাহিনীর সদস্যরা।
তিনি আরও বলেন, মেরামত করা বিমানগুলি বর্তমানে আফগান বিমান বাহিনী ব্যবহার করছে।
আফগান সরকারের এই কর্মকর্তা বলেন, “আমরা যখন ক্ষমতায় আসি, তখন আমাদের একটিও অভিযান উপযোগী বিমান ছিল না।”
তিনি জানান, মার্কিনীদের রেখে যাওয়া অন্যান্য ক্ষতিগ্রস্ত বিমানগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।
এনায়াতুল্লাহ খাওয়ারিজমি বলেন, নতুন বিমান বা হেলিকপ্টার কেনার মতো আর্থিক অবস্থায় নেই বর্তমান আফগান সরকার।
পূর্ববর্তী মার্কিনপন্থী আশরাফ গণী সরকারের আমলে প্রায় ৬০০ জন পাইলট ও ইঞ্জিনিয়ার আফগান বিমান বাহিনীতে যুক্ত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে চলে যান।
পরবর্তীতে তালেবানের অনুরোধে প্রায় ৪০ জন পাইলট ও ইঞ্জিনিয়ার আফগানিস্তানে ফিরে এসে কাজে যোগ দেন। তাদের পরিশ্রমের ফলেই যুদ্ধ বিমান ও সামরিক হেলিকপ্টারগুলো ব্যবহার উপযোগী হয়ে উঠে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওয়ারিজমি এজন্য তাদের ধন্যবাদ জানান।
আগস্টে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল এই ইঞ্জিনিয়ারিং দলটি ৩৫ টি ট্যাঙ্ক, ১৫ টি সাঁজোয়া যান এবং ২০ টি মার্কিন নাভিস্টার সামরিক যান মেরামত করেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি, ডন, মিনিট মিরর ও রয়টার্স











