spot_img
spot_img

প্রতিবন্ধীদের মেধা ও দক্ষতা কাজে লাগাতে উপযুক্ত পরিচর্যা দরকার : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হলে তাদের উপযুক্ত পরিচর্যা ও প্রশিক্ষিত করে তোলা একান্ত প্রয়োজন।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এক বাণীতে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ গুণের অধিকারী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সার্বিক সাফল্য অর্জন সম্ভব নয়। এজন্যই সরকার প্রতিবন্ধীদের কল্যাণে এবং তাদেরকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে অত্যন্ত আন্তরিক।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, সমন্বিত প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, থেরাপি সেবা, ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন,আমি আশা করি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণের পাশাপাশি তাদের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণের পথ সুগম করতে সংশ্লিষ্ট সকলে আরো বেশি আন্তরিক হবেন।

তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক বিকাশে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, দেশি-বিদেশি সংস্থা ও সুশীল সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ