নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ শুরুর সুযোগ নেই।
আজ রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর এ কথা বলেন।
মো. আলমগীর বলেন, আমরা গণমাধ্যমে বিএনপি’র এমপিদের পদক্ষেপের কথা জেনেছি। এ বিষয়ে কোনও গেজেট নোটিফিকেশন আমরা পাইনি। গেজেট পেলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। যেদিন পদত্যাগের গেজেট নোটিফিকেশন হবে তার ৯০ দিনের মধ্যে সেই সব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
মো. আলমগীর আরও বলেন, গেজেট হলে তারপর আমাদের কাজ শুরু হবে। যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ শুরু করার সুযোগ নেই।
আলমগীর বলেন, তাঁদের পদত্যাগ ভিন্ন একটি ইস্যু। যতটা না নির্বাচন-সম্পর্কিত, ততটা রাজনৈতিক। এটা স্বাভাবিক হিসেবেই দেখছি। একজন সংসদ সদস্য; তিনি পদত্যাগ করতে পারেন। এটা সংবিধানে বলা আছে যে কীভাবে পদত্যাগ করবেন…এখানে ইসির উৎসাহ, নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই।











