আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা আমাদের দেশের বিষয়ে বড় বড় কথা বলেন। অথচ ফিলিস্তিনে যখন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়, সাধারণ মানুষকে হত্যা করা হয় তখন কোথায় থাকেন তারা? ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে পারে না জাতিসংঘ, অথচ আমাদের মতো গরিব দেশকে নিষেধাজ্ঞা দিয়ে বিপদে ফেলে। আবার আমাদের নিয়ে উদ্বিগ্নও হয় তারা।
আজ রবিবার (১১ ডিসেম্বর) বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় আমেরিকাকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনাদের দেশে প্রতিদিন নারী ধর্ষিত হচ্ছে, তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না? সহিংসতায় বিদেশী দূতাবাস উদ্বিগ্ন হয়। যখন পুলিশকে আঘাত করে তখন তারা কোথায় থাকেন? কোথায় থাকে মানবাধিকার?










