ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সীল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পীকে (২৯) গ্রেফতার করেছে অপরাধ তদন্তকারী সংস্থা (সিআইডি)।
সোমবার (১২ ডিসেম্বর) ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সীল-স্বাক্ষর জাল-জালিয়াতি করে মোটরসাইকেলের লাইসেন্স করে আসছিল। পরে একটি মোটরসাইকেল আটকের পরে দেখা যায় ওই মোটরসাইকেলের সীল ও স্বাক্ষর ভুয়া। পরে ওই চক্রের বিরুদ্ধে এডভোকেট মো. ইশতিয়াক একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইশতিয়াক আহমেদ বাপ্পী ৫ নং আসামি। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠায়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শোভন জানায়, বাপ্পীকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।










