মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, মঙ্গলবার ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে। তিনি এ তথ্য দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে। খবর AFP।
হেগসেথ বলেন, আজ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে। হামলায় সর্বোচ্চ সংখ্যক যুদ্ধ ও বোমারু বিমান ব্যবহার করা হবে। তিনি আরও জানান, যুদ্ধ কতদিন চলবে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, যুদ্ধ শুরু, মধ্য বা শেষ পর্যায়ে আছে—এ বিষয়ে মন্তব্য করা তার কাজ নয়।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে, তবে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।
হেগসেথ অভিযোগ করেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চার স্কুল, হাসপাতাল ও বেসামরিক এলাকায় স্থাপন করছে, যাতে সেগুলোকে লক্ষ্য করা কঠিন হয়। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইরান তার সক্ষমতার তুলনায় সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, এই অভিযানের একটি প্রধান লক্ষ্য হলো ইরানের নৌবাহিনী ধ্বংস করা। পাশাপাশি মাইন ব্যবহার করে ইরান যাতে সমুদ্রপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্যও অভিযান চালানো হচ্ছে।










