মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী রমজান মাস পর্যন্ত দেশে কোনো ধরনের খাদ্যসংকট হবে না। খাদ্যের মজুত আগামী জুন পর্যন্ত যে প্রক্ষেপণ দেখানো যাবে, তাতে সব রকম কাজ করেও মজুতে কোনো ঘাটতি হবে না। দেশে বর্তমানে ১৬ লাখ টনেরও বেশি খাদ্য মজুত রয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিব কমিটির বৈঠক শেষে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, দেশের খাদ্য পরিস্থিতি স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। আমরা একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে রয়েছি। আর ওএমএসসহ যেসব খাদ্য সহায়তা করা হচ্ছে, সেগুলোও চলবে। অর্থাৎ কম দামে খাদ্য সহায়তাগুলো বন্ধ হচ্ছে না।
আনোয়ারুল ইসলাম বলেন, দেশে খাদ্যের কোনোই অসুবিধা হবে না। আগামী রমজান পর্যন্ত আমাদের কোনো খাদ্য সংকট হবে না। বিশেষত কৃষি সচিব এ নিয়ে গত ছয় মাস ধরে সমন্বয় করছেন। তাতে এই বোরো মৌসুম শেষ হয়ে গেলে আগামী মে মাস পর্যন্ত খাদ্য উদ্বৃদ্ধ থাকবে। বর্তমানে যে খাদ্য মজুত আছে, সেটা ছাড়াও এবার আমনের ফলনও ভালো হয়েছে। খরা দীর্ঘায়িত হওয়ায় সুবিধা হচ্ছে যে, নিম্নাঞ্চলেও আমন চাষ করা গেছে। সূর্যের আলো বেশি থাকায় সালোকসংশ্লেষণ ভালো থাকায় ফসল ভালো হয়েছে। ধানে খুব একটা চিটা হয়নি।











