রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে বলেন, আমরা বিকেল ৫টা বাজে পুরান ঢাকার নাজিরা বাজারের আলু বাজারে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চার তলায় থাকা জুতার কারখানাতে আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।











