মহান বিজয় দিবসে বগুড়ায় ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার পর তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছে কেন্দ্রীয় ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর এ ঘটনা ঘটে।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের নেতৃত্বে মহান বিজয় দিবসে আমাদের সাথে হাতাহাতি ও ধাওয়া করা হয়। তারা এমন ঘটনা ঘটাবে আমরা তা জানতেও পারিনি। জেলা যুবলীগ সভাপতি ও সম্পাদকসহ তাদের অনুসারীরা ছাত্রলীগের রাজনীতি বাধাগ্রস্ত করার অপচেষ্টা করে যাচ্ছেন। তাদের নির্দেশে দুর্বৃত্তরা ছাত্রলীগ অফিস তালাবদ্ধ রেখেছিল। ছাত্রলীগের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্যই আজ আমি ও সাধারণ সম্পাদক তালা খুলে প্রবেশ করেছি। আজ দলীয় কার্যলয়ের সামনে যুবলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বেই হামলা করা হয়েছে।
সজীব সাহা আরো বলেন, আমি ও সম্পাদক জয় ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রীর আদর্শে রাজনীতি করি। দুর্বৃত্তরা বার বার রাজনীতিতে সংঘাত তৈরির চেষ্টা করছেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা জানান, সকাল থেকে পুরো শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশী টহল চলছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।











