ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো আজ আমেরিকায় সফরে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কংগ্রেসে ভাষণ দিতে পারেন বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা।
বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সফর প্রসঙ্গে দুই দেশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আমেরিকার ডেমোক্র্যাট হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি আজ রাতে কংগ্রেসের সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানান। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
ইউক্রেনে রাশিয়া হামলার শুরুর পর থেকে আমেরিকা এ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে কিয়েভকে। মস্কোর বিরুদ্ধে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।











