ভারতের বিরুদ্ধে কোনও যুদ্ধ হলে একযোগে লড়বে দুই প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তান। এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির বিরোধী দল “কংগ্রেস” এর নেতা রাহুল গান্ধী।
তিনি বলেন, এটি হলে ভারতের জন্য বড়ই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে। তবে দেশকে রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর প্রতি নিজের অগাধ আস্থা ও শ্রদ্ধাও ব্যক্ত করেছেন রাহুল গান্ধী।
সোমবার (২৬ ডিসেম্বর) প্রচারিত নিজেদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে ভারতের সশস্ত্র বাহিনীর প্রবীণদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধীকে এসব কথা বলতে দেখা যায়।
রাহুল গান্ধী বলেন, চীন ও পাকিস্তান একসঙ্গে জুড়েছে। যদি কোনও যুদ্ধ বাধে তাহলে ভারতকে এই দুই দেশের সঙ্গেই লড়তে হবে। সেক্ষেত্রে ভারতকে এক বিরাট বিপর্যয়ের মুখে পড়তে হবে। ভারত এখন অত্যন্ত বিপজ্জনক জায়গায় রয়েছে।
এর পর প্রাক্তন সেনা কর্তাদের উদ্দেশে তার বক্তব্য, আমার সেনাবাহিনীর প্রতি শুধু সম্মানই নেই, ভালবাসা এবং শ্রদ্ধাও রয়েছে। আপনারা দেশকে রক্ষা করেন। আপনাদের ছাড়া এই দেশ থাকবেই না।
সূত্র: এনডিটিভি












