রাজধানীর মানিকনগর বশিরুল উলুম হাকিমিয়া সর্দার বাড়ি মাদ্রাসার নতুন শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের হাদিস বিভাগের প্রধান মাওলানা আবদুল্লাহ মারুফী।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাদ জোহর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দু’আ করেন তিনি।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন,যতদিন আলেমগণ কোরআন-হাদিসের খেদমত নিরলসভাবে চালিয়ে যাবেন ততদিন কোন অপশক্তি মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করতে পারবে না। তাই মুসলিম জাতিসত্তার স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে আলেম তৈরির কারখানা মাদ্রাসা প্রতিষ্ঠা ও নির্মাণে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বশিরুল উলুম হাকিমিয়া সর্দার বাড়ি মাদ্রাসার মুহতামিম ও জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী, মুগদা থানা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জল হোসেন, গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, মুগদা থানা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম মাজহারী, মুফতি মিজানুর রহমান নদবী, হাফেজ মাওলানা আব্দুল নূর ও হাফেজ মাওলানা জাকির হোসাইন প্রমুখ।











