স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের উন্নয়ন তাদের (বিএনপির) ভালো লাগে না। তারা আবারও ঠেলাগাড়ির যুগে ফিরে যেতে চান। বিএনপি পাকিস্তান মার্কা দেশ চায়।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটে ঢাকা-১২ আসনের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজাকার আলবদর সব আজ একত্র হয়েছে, তারা বঙ্গবন্ধু কন্যাকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। কারণ, এভাবেই তারা ক্ষমতায় এসে অভ্যস্ত। হত্যা এবং কু-এর রাজনীতিতে তাদের অভ্যাস, সেটা তারা পরিবর্তন করতে পারে নাই।
তিনি বলেন, আমাদের নেত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন দেশের মাথাপিছু আয় ছিল ৫৬০ ডলার, এখন সেটা প্রায় তিন হাজার ডলার। তিনি যানজট নিরসনে মেট্রোরেল করবেন বলেছিলেন, সেটা তিনি করেছেন। তিনি দেশকে আলোকিত করবেন বলেছিলেন, তিনি দেশকে আলোকিত করে দেখিয়ে দিয়েছেন।










