গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, কয়েকদিন আগে দেশে দুটি ঘটনা ঘটেছে। একটি হলো বাংলাদেশ মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে। আরেকটি আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে। রংপুরে তারা জামানত হারিয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ৩০ ডিসেম্বর দেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক দিন। বর্তমান প্রধানমন্ত্রী সব রাজনৈক দলের সঙ্গে সংলাপ করে আশ্বাস দিয়েছিলেন, তার ওপরে ভরসা রাখতে। তিনি সুষ্ঠু নির্বাচন দেবেন। দেশের ইতিহাসে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এমন কলঙ্কজনক নির্বাচন আর ঘটেনি। মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী, প্রশাসন ও দলীয় গুন্ডা বাহিনী দিয়ে তারা ব্যালট বাক্সে ভরেছে।
তিনি বলেন, তারা (সরকার) বলছেন, উন্নয়ন করে দেশকে নাকি তারা ভাসিয়ে দিচ্ছেন। আর আর্ন্তজাতিক ও দেশীয় সংস্থা বলছে, এ সরকার গত ১৪ বছরে অন্তত ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এগুলো সব ব্যাংকিং হিসাব। আর হুন্ডিসহ অন্যান্য মাধ্যমে তারা কত কোটি টাকা পাচার করেছে তা আমরা জানি না। দেশকে তারা ফোকলা বানিয়ে দিয়েছে।










