অতি মাত্রায় মদপান করায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মাদ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কিছুই না বলা হলেও রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার দুপুর ২টা ২০মিনিটে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের আইসিইউতে (ইনসেনটিভ কেয়ার ইউনিটে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল ইসলাম ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল শরিফুল ইসলামের ছেলে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফের যৌথ স্বাক্ষরিত ওই শোক বার্তায় বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি রাকিবুল ইসলাম সোমবার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত। বাংলাদেশ ছাত্রলীগ রাকিবুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
ফরিদপুরের কোতয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মাদ শাহরীয়ার বলেন, এই মৃত্যুসংক্রান্ত বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানায় কোনো তথ্য নেই।











