বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ প্রতিষ্ঠালগ্ন থেকে যোগ্য ব্যক্তিত্ব তৈরি করে আসছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর ও ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী।
তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ প্রতিষ্ঠালগ্ন থেকে যোগ্য ব্যক্তিত্ব তৈরি করে আসছে।
সম্প্রতি ছাত্র সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের এক অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি নবগঠিত কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আজকে যারা নতুন দায়িত্বে এসেছেন ইখলাস, তাকওয়া, সুন্নাতী জীবনযাপন ও গভীর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের ইসলামী আদর্শের সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কর্মতৎপরতাও অব্যাহত রাখতে হবে।
অপরদিকে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ যোগ্য সৈনিক ও আদর্শ নাগরিক গড়ে তোলার এক ঐতিহাসিক মিশনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ। সাংগঠনিক শৃঙ্খলা, ধারাবাহিক দাওয়াতী তৎপরতা ও পারস্পরিক সমন্বয়ের মধ্যদিয়ে এ মিশনকে তরান্বিত করতে হবে।
এছাড়া ছাত্রসমাজের নতুন দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন, মহাসচিব মুহাম্মদ ঈসা খান, সহকারী মহাসচিব মাসুদ রানা, সংগঠন সচিব মুহিউদ্দীন খান, অর্থ সচিব ওমর ফারুক মিরাজ, প্রচার ও প্রকাশনা সচিব আহমদ ইয়াছিন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সচিব জাহিদ আনোয়ার, দফতর সচিব মুহাম্মদ ইউসুফ, সদস্য আব্দুল্লাহ মাহমুদ, মোহাম্মদ উল্লাহ, প্রমুখ।
সভাপতির বক্তব্যে ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অলি উল্লাহ আরজু আদর্শিক কাফেলা খ্যাত ইসলামী ছাত্রসমাজের বিপ্লবী কর্মধারা বেগবান করার লক্ষ্যে ও দায়িত্ব পালনে দু’আ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খান, মুফতি আতিকুর রহমান সিদ্দিকী, প্রমুখ।











