spot_img
spot_img

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খাঁনের সৌজন্য সাক্ষাৎ

ইসলামী চিন্তাবিদ ও আলেম মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সাক্ষাৎকালে দেশের সামগ্রিক পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, রাষ্ট্র পরিচালনায় ইসলামী মূল্যবোধের প্রতিফলন এবং সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় আলেমসমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আব্বাসী মঞ্জিলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাশেদ খাঁন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে সরকার পরিচালনায় তাঁর সহযোগিতা কামনা করেন।

রাশেদ খাঁন বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে ড. এনায়েতুল্লাহ আব্বাসীসহ আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁদের অবদান ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে দেশের আলেমসমাজের ঐতিহাসিকভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ইসলামী আদর্শ ও মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন।

এ সময় রাশেদ খাঁন ‘বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক একটি বই ড. এনায়েতুল্লাহ আব্বাসীর হাতে তুলে দেন।

অন্যদিকে, মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন ইসলামী ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁরা আলেম-ওলামা ও ইসলামপন্থী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। দেশের ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণে তাঁদের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।

ড. আব্বাসী আশা প্রকাশ করেন, বিএনপি সরকার ইসলামী মূল্যবোধবিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না এবং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেম-ওলামাদের পরামর্শ নেবে। পাশাপাশি কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সাক্ষাৎ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উলামায়ে কেরামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ