নীলফামারীতে অসুস্থ রোগীদের গা ঘেষে হাসপাতাল কক্ষে ঘুরে বেড়াচ্ছে কুকুর, কখনো বা ঘুমন্ত রোগীদের গায়ে মুখ ঘষছে।
নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডের এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। হাসপাতালে ঘুমন্ত রোগীর গায়ে মুখ ঘষছে কুকুর এমনি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন রুবেল ইসলাম নামের এক ব্যক্তি। এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
বেসরকারি একটি ব্যাংকে কর্মরত রুবেল ইসলাম বলেন, আমি গত ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় হাসপাতালে আমার বোন জামাইকে দেখতে যাই। সেখানে যাওয়ার পর চারিদিকে কুকুর ঘুরতে দেখি। প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে যখন মেঝতে শুয়ে থাকা রোগী ও স্বজনদের মুখে কুকুরকে মুখ ঘষতে দেখি তখন বিষয়টি খারাপ লাগে। পরে মুঠোফোনে ছবি তুলি। এমন অবস্থা যদি সরকারি কোনো হাসপাতালের হয় তাহলে সেবার মান বা দায়িত্বরত ব্যক্তিরা প্রশ্নবিদ্ধ হবেই।
জানা গেছে, ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালটিতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। এমন অবস্থায় বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় বেশিরভাগ রোগীর ঠাঁই হয়েছে মেঝেতে ও বাইরের বারান্দায়। দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ এমন অভিযোগ রোগী ও স্বজনদের। সেবার মান খারাপ, জনবল সংকটসহ নানাবিধ অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজ গণমাধ্যমকে বলেন, ছবিগুলো কয়েকদিন আগের। ছবিগুলো সরানোর জন্য কাজ করছি। আর আগের থেকে হাসপাতালের পরিবেশ এখন অনেকটা ভালো হয়েছ। অন্যান্য যা সমস্যা আছে সেগুলো সমাধানে কাজ করছি।
জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবীর বলেন, এ বিষয়ে আমি হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানাব। এমনটি যদি হয় তাহলে ব্যবস্থা নিতে বলব।











