গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমা। আজ এ ময়দানেই হবে দেশের বৃহত্তম জুম’আর জামাত। দুপুর দেড়টায় কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়েরের ইমামতিতে জুম’আর নামাজ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আলমি শূরার তত্ত্বাবধানে (জুবায়েরপন্থী) মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন বাদ ফজর মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে তাবলিগের মুসুল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতমা ময়দানে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। এছাড়া আজ শুক্রবার অনেক মুসুল্লি ভোর থেকেই টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। জুমার নামাজ শুরুর আগ পর্যন্ত এই জামাতে অংশ নিতে মুসল্লিরা আসতে থাকেন।











