রাশিয়াকে মোকাবিলায় দ্রুত ইউক্রেনকে প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে সামরিক জোট ন্যাটো।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন নেতৃত্বাধীন জোটটির প্রধান জেনস স্টলটেনবার্গ এ আহ্বান জানান।
ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের দুদিনের নিরাপত্তাবিষয়ক বৈঠকে যোগদানের আগে জোটের মহাসচিব বলেন, ইতোমধ্যে ইউক্রেনকে যেসব অস্ত্রের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত দেশটিতে পৌঁছে দেওয়া উচিত।
তিনি বলেন, ইউক্রেনকে গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, সাঁজোয়া যান এবং যুদ্ধ ট্যাংকসহ যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা দ্রুত সরবরাহ করা এখন জরুরি হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ইউক্রেনের প্রতি ন্যাটোর সমর্থনের ধরন সময়ের সঙ্গে সঙ্গে সম্প্রসারিত হয়েছে। কিন্তু ফাইটার জেট (যুদ্ধবিমান) দেওয়ার বিষয়টি এ মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় নয়।
ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীরা ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে দুই দিনব্যাপী আলোচনা করবেন। আলোচনায় সামরিক সরঞ্জামের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা এবং প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে ইউক্রেনকে প্রয়োজনীয় গোলাবারুদ সরবরাহের বিষয়ে আলোচনা হবে।











