আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১ বিলিয়ন ডলারের একটি গুরুত্বপূর্ণ ঋণের পূর্বশর্ত পূরণের জন্য পাকিস্তান সরকার আবারও পেট্রোলজাতীয় পণ্যের দাম বাড়িয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ডলারের বিপরীতে রুপির অবমূল্যায়নের কারণেই মূলত এই দাম বৃদ্ধি পেয়েছে।
পাক-সরকার প্রতি লিটার পেট্রোলের দাম এবার ২২.২০ রুপি বাড়িয়েছে। ফলে প্রতি লিটার পেট্রোলের দাম বর্তমানে ২৭২ রুপি হয়েছে। ডিজেলের দাম প্রতি লিটারে ১৭.২০ রুপি বেড়ে ২৮০ রুপি হয়েছে। কেরোসিন তেলে ১২.৯০ রুপি বৃদ্ধির পর এখন প্রতি লিটার ২০৩ রুপিতে পাওয়া যাবে।
উল্লেখ্য, দেশটির মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ মূল্য কার্যকর হবে।
সূত্র: ডেইলি পাকিস্তান











