ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতকে বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে পঞ্চায়েত থেকে সংসদে টানা ৩০ বছর ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ক্ষমতায় থাকতে হবে।
তিনি বলেন, বিজেপির কাজ এখনো শেষ হয়নি। আমরা যদি সত্যিই ভারতকে বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে চাই তাহলে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত টানা ৩০ বছর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, তা নিশ্চিত করতে হবে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রের পুণেতে নরেন্দ্র মোদির ওপর লেখা একটি বইয়ের মারাঠি অনুবাদ প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিত শাহ।
মোদির ওপর লেখা বই সম্পর্কে অমিত শাহ বলেন, আপনারা যদি জানতে চান, একটি সফল গণতন্ত্র কীভাবে তৈরি করা যায়, কীভাবে সফলভাবে গণতন্ত্র পরিচালনা করতে হয়— এই বইটিতে তার জবাব পাবেন।
অনুষ্ঠানে অমিত শাহ ভারতের নির্বাচন কমিশনের শিবসেনা সংক্রান্ত নির্দেশ নিয়েও নিজের মত জানান। শুক্রবার ভারতের নির্বাচন কমিশন একনাথ শিন্ডে গোষ্ঠীকে শিবসেনা নাম এবং তির-ধনুক প্রতীক চিহ্ন ব্যবহার করার অনুমতি দিয়েছে। তা নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের দিকে তুমুল আক্রমণ করেছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী। বিষয়টি নিয়ে অমিত শাহ বলেন, গতকাল (শুক্রবার) নির্বাচন কমিশন ‘দুধ কা দুধ, পানি কা পানি’ করে দিয়েছে। সত্যমেব জয়তে হয়েছে।











