রাজধানীর গুলশান-২ নম্বরে একটি বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তিনি আগুনে পুড়ে মারা গেছেন নাকি ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয়েছে সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী বলেছেন, রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারী টিম ভেতরে কাজ করছে। এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পেয়েছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে ১৯টি ইউনিট গিয়ে কাজ শুরু করে।
এদিকে আগুনের ঘটনায় ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।











