spot_img
spot_img

জনগণের সেবা করাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সব কাজই জনগণের কল্যাণে হয়ে থাকে। জনগণের জন্যই আমরা কাজ করছি। আমি পঁচাত্তরে আমার পরিবার হারিয়েছি। আমি নিঃস্ব, রিক্ত আমি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। জনগণের সেবা করাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব মানুষই তার পরিবার। তিনি পঁচাত্তরে তার পরিবার হারিয়েছেন। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তাই দেশের মানুষই তার পরিবার।

প্রধানমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলেই গত ১৪ বছরে দেশে এত উন্নতি হয়েছে; যা বিগত ২৯ বছরেও হয়নি। কিন্তু বিএনপি দেশের জন্য কাজ করেনি। তারা ক্ষমতায় এলেই দেশে সন্ত্রাস, লুটপাট ও চুরিচামারি বেড়ে যায়। বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে। তাদের পক্ষে দেশের কল্যাণে কাজ করা সম্ভব নয়।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বা ২০ দলীয় জোট যখনই ক্ষমতায় এসেছে মানুষের দুর্ভোগ বেড়েছে। আর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণ হয়, ফসল উৎপাদন বাড়ে, মাছ উৎপাদন বাড়ে, তরিতরকারী-ফলফুল উৎপাদন বাড়ে, মানুষ খেয়ে পড়ে সুখে থাকে।

তিনি আরও বলেন, আমার সরকার চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র, মাতৃ সদনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। এ ছাড়াও ৩০ প্রকার ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। এখন থেকে যারা ডায়াবেটিসের রোগী তাদেরকে আমরা বিনামূল্যে ইনসুলিন দিয়ে দেব, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়।

হাওড় অঞ্চলের অতীতের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আঞ্চলিক ভাষায় বলেন, এই হাওড় অঞ্চলে বর্ষাকালে নাও (নৌকায় চলাচল) আর শুকনাকালে পাও (হেঁটে চলা), এইতো অবস্থা ছিল। কিন্তু এখন আর সে অবস্থা নেই। এখন ১২ মাসই মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ