দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮৫ জন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লারিসার কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনা কবলিত দু’টি ট্রেনের একটি যাত্রীবাহী, অপরটি মালবাহী ট্রেন ছিল। সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। তবে কী কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল সেটি এখনো নিশ্চিত নয়।
দুর্ঘটনাস্থল লারিসার গভর্নর কন্সতানতিনোস আগরোসতোস বলেছেন, সংঘর্ষ অনেক শক্তিশালী ছিল। যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এরমধ্যে প্রথম দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ট্রেনের ভেতর থেকে প্রায় ২৫০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।











