spot_img
spot_img

বাংলাদেশের প্রাণিসম্পদ খাত বিশ্বে দৃষ্টান্ত হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত একসময় সারা বিশ্বের দৃষ্টান্ত হবে।

বুধবার (১ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, রাষ্ট্র নানা উপায়ে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে। কাজেই সম্মিলিতভাবে প্রাণিসম্পদ খাতকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রাণিসম্পদ খাত যত জোরদার হবে, দেশের অর্থনীতি তত শক্তিশালী হবে। দেশের অর্থনীতি যত জোরদার হবে, অবকাঠামো উন্নয়নসহ দেশের সব ক্ষেত্রে উন্নয়ন তত নিশ্চিত হবে। নানাভাবে এ সেক্টর আমাদের সমাজব্যবস্থায়, রাষ্ট্রব্যবস্থায় বিশাল ভূমিকা রাখছে। এই সেক্টর বিকশিত হওয়ায় বেকারত্ব দূর হচ্ছে, কর্মোদ্যোক্তা তৈরি হচ্ছে, মানুষ স্বাবলম্বী হচ্ছে, গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। এভাবে প্রাণিসম্পদ খাত দেশের অন্যসব খাতকে অতিক্রম করে বহুমুখী ভূমিকা রাখছে। অদূর ভবিষ্যতে আরও ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমরা অপ্রতিরোধ্য গতি নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। একসময় বাংলাদেশের মানুষের গড় আয়ু কম ছিল, মাতৃমৃত্যু-শিশুমৃত্যুর হার ব্যাপক ছিল, মানুষের রোগ প্রতিরোধক্ষমতা কম ছিল। এ-জাতীয় একটি বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার ক্ষেত্রে প্রাণিসম্পদ খাতের অসাধারণ অবদান রয়েছে। এ অর্জনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি খাত তথা বেসরকারি উদ্যোক্তারা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে কাজ করছে। ফলে একটা বিস্ময়কর উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, প্রাণিচিকিৎসায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু করা হয়েছে, দেশে আন্তর্জাতিকমানের প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে, গবাদি পশুর জন্য টোটাল মিক্সড রেশন খাদ্যের ব্যবস্থা করা হয়েছে, করোনায় খামারিদের প্রণোদনা দেয়া হয়েছে। প্রাণিসম্পদ নিয়ে মানুষের মধ্যে যেন একটা নতুন ধারণা সৃষ্টি হয়, সে জন্য বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে সরকার প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় প্রাণিসম্পদ খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন উল্লেখ করে তিনি আরও বলেন, অতীতে গুরুত্ব না দিলেও দেশের প্রাণিসম্পদ খাতকে এখন সবাই গুরুত্ব দেয়। অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ডসহ পৃথিবীর অনেক দেশ প্রাণিসম্পদকে ঘিরে উন্নয়ন করছে। সে অনুপাতে আমাদের এ খাতে অতীতে উন্নয়ন হয়নি। বর্তমানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, পলিসি এবং সহযোগিতার কারণে এ খাত অনেক দূর এগিয়ে গেছে। এ খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে ও সমৃদ্ধিতে, মানুষকে দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর ক্ষেত্রে অত্যন্ত ভালো ভূমিকা পালন করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ