পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। টিলা কর্তনকারী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
শুক্রবার (১০ মার্চ) রাঙ্গামাটিতে বিভাগীয় বন কর্মকর্তাদের জন্য ৬ তলা অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পাহাড় টিলা প্রকৃতির আশীর্বাদ, এগুলো কাটলে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। তাই আমাদের স্বার্থেই পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন, তাই পাহাড়ি এলাকাগুলোতে ব্যাপকভাবে বনায়ন করা হবে। এখানকার জনগণকে নিয়ে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ইকো-ট্যুরিজম উন্নয়নের করা গেলে একদিকে যেমন জনগণ উপকৃত হবে, অন্যদিকে এখানকার প্রকৃতি ও পরিবেশ প্রাণ ফিরে পাবে। আধুনিক বিভাগীয় বন অফিসের জন্য এ অঞ্চলে বন বিভাগের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে।











