পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত ভাড়া বেশি নেওয়ার বিষয়টি চেখে পড়েনি। যদি এমন কোনো নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করব।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, আমি নিজে বিভিন্ন জায়গা ভিজিট করেছি। বেশি ভাড়া নেওয়ার বিষয়টি আমার চোখে পড়েনি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যদি এমন কোনো অভিযোগ পান তাহলে আমাদের জানাবেন। যাত্রী সাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।
যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যাত্রী সাধারণকে বিনীতভাবে অনুরোধ করছি গাড়িতে উঠে আপনারা নিকটস্থ কারও কাছ থেকে আহার গ্রহণ করবেন না। আমরা অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ বিভন্ন গ্রুপকে ধরেছি। আমরা একটা উৎসব পালনের জন্য যাচ্ছি, যদি সতর্ক থাকি তাহলে উৎসবটা আনন্দের সঙ্গে পালন করতে পারবো। আমরা নিজের ভুলের জন্য উৎসবের আনন্দটা মাটি করে দিতে পারি না।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











