এবার সড়ক দুর্ঘটনার কারণে অনেক পরিবারের ঈদের এ আনন্দ ম্লান হয়ে গিয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ৯ জেলায় ১২টি তরতাজা প্রাণ ঝরে যাওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় অন্তত আরও ১৬ জন আহত হয়েছেন।
নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। বিকেলে উপজেলার খারনৈ ইউনিয়নের বউ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই উপজেলার পূর্ব জিগাতলা গ্রামের মো. আবু বকর (১৪) ও মো. মাসুম মিয়া (১৫) নামে দুই কিশোর নিহত হয়। পরবর্তীতে একই উপজেলার বামনগাঁও গ্রামের মো. সুমন মিয়া (১৫) নামে আরেক কিশোর হাসপাতালে মারা যায়।
বগুড়া নন্দীগ্রামে ঈদের দিন ঘুরতে বের হয়ে আলাদা দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় শিশুসহ আহত হন আরও চারজন। বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার দামগাড়া গ্রামের নান্টু মিয়ার ছেলে ইমরান হোসেন (২৮), কাথম গ্রামের ইয়াকুব আলীর ছেলে বুলবুল (৩০) ও গাইবান্ধার সদর উপজেলার গোলাম হোসেনের ছেলে আবিদার হোসেন (২৪)।
এ ছাড়া নিহত ইমরানের স্ত্রী, ভাতিজা ও নিহত আবিদারের বন্ধু আহত হয়েছেন। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বরিশালে নগরীতে বাসচাপায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ফায়েজ (৩৩) ও দুদক কর্মকর্তা মো. এমদাদুল হক (৩৫) নিহত হয়েছেন। বিকেল ৪টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের নগরীর রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানী ঢাকার রামপুরা টিভি সেন্টারের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
যশোরে জেলার বাঘারপাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণের প্রাণহানি হয়েছে। সকালে উপজেলার ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন (১৯) বাঘারাপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের ফরিদুল কবিরের ছেলে।
ফরিদপুরে জেলার ভাঙ্গা উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় জোবায়ের মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুজন আরোহী গুরুতর আহত হন। বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রাণিসম্পদ অধিদফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের মোল্লা পার্শ্ববর্তী সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত্যু শহীদ মোল্লার ছেলে। আহতরা হলেন, একই গ্রামের শহীদ শরীফের ছেলে সিফাত শরীফ (২২)ও অপর বন্ধু রনি কাজী (২১)।
মেহেরপুরে জেলার গাংনীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাদিয়া বাওট গ্রামের ভ্যানচালক জিনারুল ইসলামের মেয়ে। সে বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মাদারীপুরের শিবচরের দ্বিতীয়াখণ্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হন।
এ ছাড়াও ঝিনাইদহের শৈলকুপায় মাহেন্দ্র, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার গাড়াগঞ্জ কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।











