তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্য পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ তুরস্ক সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
মঙ্গলবার প্রেসিডেন্ট এরদোগানের হাত থেকে এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশেদ ইকবাল ও উদ্ধারকারী দলের দলনেতা লে. কর্নেল মো. রুহুল আমিন।
বুধবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের নাগরীদের সহায়তার জন্য গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে ৬০ জন সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কে যায়। উদ্ধারকার্যের অংশ হিসেবে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীন্তেপ প্রদেশের আদিয়ামান এবং হাতাইয়ে উদ্ধারকার্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। উদ্ধারকার্য পরিচালনার পাশাপাশি দলটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ১২০ কার্টন খাবার এবং ৭২টি তাঁবু বিতরণ করে।
এছাড়া মেডিকেল টিমটি ১০৪ জনকে চিকিৎসা সেবা ও ৩২ কার্টন ওষুধ বিতরণসহ ভূমিকম্পের ফলে আঘাতপ্রাপ্ত ও মানসিকভাবে অবসাদগ্রস্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়।











