রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বঙ্গভবনে কর্মরতদের দায়িত্ব পালনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বুধবার (৩ মে) দরবার হলে আয়োজিত বঙ্গভবনের সকল সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সবার উদ্দেশে এই নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, দায়িত্ব পালনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বঙ্গভবনের সুনাম অক্ষুণ্ন রাখা এবং আরও বাড়ানোর ব্যাপারে ভাবতে হবে।
এ সময় রাষ্ট্রপতি আশা করেন বঙ্গভবনের ভাবমূর্তি উজ্জ্বল করতে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে পালনে সচেষ্ট থাকবেন। আপনাদের (বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারী) প্রতিটি কর্মকাণ্ড এমন হতে হবে যাতে জনগণ আপনাদের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, আপনারা সরকারের আইন, বিধি-বিধান ও জনস্বার্থ দ্বারা পরিচালিত হবেন। সুশাসন প্রতিষ্ঠায় সততা ও ন্যায়ভিত্তিক, জ্ঞাননির্ভর ও আলোকিত জনপ্রশাসনের কোনো বিকল্প নেই। মনে রাখবেন জনগণের কল্যাণের জন্য সব আইন প্রণীত হয়। জনগণ যাতে তাদের প্রত্যাশিত সেবা সহজে ও নির্বিঘ্নে পেতে পারে সেদিকে সব কর্মকর্তা-কর্মচারীকে খেয়াল রাখতে হবে। আপনার জনগণের সেবক, প্রভু নন।











