সংঘাতপূর্ণ সুদান থেকে সৌদি আরবে পৌঁছেছেন আটকে পড়া ১৩৫ বাংলাদেশি।
সৌদি আরব থেকে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সৌদি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে ৪৫ জন এবং অন্যটিতে ২৫ জনকে বাংলাদেশিকে জেদ্দার বাদশাহ আবদুল্লাহ বিমান ঘাঁটিতে আনা হয়।
এতে আরও বলা হয়, সুদান থেকে আজ আরও প্রায় ৬৫ বাংলাদেশি সৌদি আরবের আরেকটি ফ্লাইটযোগে জেদ্দার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সুদান থেকে আসা এসব নাগরিকদের আজ রাত ১টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হবে।
সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, পোর্ট সুদান এলাকা থেকে তিনটি পৃথক ফ্লাইটে অন্য দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের জেদ্দায় পাঠানো হয়েছে।
স্থানীয় সময় সকাল ১০টার দিকে পোর্ট সুদান এলাকা থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে গেছে বলেও জানান তিনি।
প্রথম দফায় সুদান ছাড়তে পারা প্রবাসীদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।











