spot_img

কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীদের বর্তমানে সরকারি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার সুযোগ নেই। ফলে এসব প্রতিষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের কোনো উদ্যোগও নেওয়া হয়নি।

তবে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, “Capacity Development of Madrasah Education” শীর্ষক স্কিমের আওতায় ৫০০টি আলিয়া মাদরাসায় ভোকেশনাল কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট মাদরাসাগুলো নির্বাচন করা হয়েছে।

তিনি আরও জানান, পাঁচটি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ পরিচালনার জন্য ৪৬৯ জন রিসোর্স পারসনের তালিকা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১০০টি আলিয়া মাদরাসায় ‘কমিউনিকেটিভ আরবি ল্যাঙ্গুয়েজ ল্যাব’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের আধুনিক কর্মবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ