spot_img
spot_img

পণ্যের দাম বেশি থাকায় সাধারণ মানুষ বাজারে গিয়ে কাঁদছে : শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সাধারণ মানুষ বাজারে গিয়ে কাঁদছে। কারণ পণ্যের দাম বেশি, কেনার মতো টাকা নেই। কিছু সিন্ডিকেট এই দাম বাড়াচ্ছে। তাদের চিহ্নিত করতে হবে। আর যদি এ সিন্ডিকেট চিহ্নিত করে না ভাঙতে পারি তাহলে আমাদের মতো লোকজনের মন্ত্রী থাকার দরকার নেই।

‌বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর পল্টনে ‘কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে এসএমই খাতের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের নিয়ে তাদের নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মাদ মাসুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহাম্মাদ মফিজুর রহমান, ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

তিনি আরও বলেন, দেশে পণ্যের উৎপাদন বেড়েছে। কোনো পণ্যের অভাব নেই। কিন্তু বাজারগুলো কিছু সিন্ডিকেটের দখলে চলে যাওয়ার কারণে সাধারণ মানুষ ঠিকমতো বাজার করতে পারে না। মানুষ বাজারে গিয়ে কাঁদছে। কারণ পণ্যের দাম বেশি, কেনার মতো টাকা নেই। ব্যবসার নামে এখন লুটপাট চলছে। আমাদের দেশ সবদিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও বাজারে সবকিছুর দাম বেশি। শুধু বাজার সিন্ডিকেটের কারণে এটা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব সিন্ডিকেট ভাঙতে হবে। আর যদি এ সিন্ডিকেট ভাঙতে না পারি তাহলে আমাদের মতো লোকজনের মন্ত্রী থাকার দরকার নেই।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, আমি ৫০ বছর ধরে রাজনীতি করছি। ৪০ বছর আগে যাদের দেখতাম ব্রিফকেস হাতে রাস্তায় রাস্তায় ঘুরত, চলার মতো টাকা ছিল না, তারা আজ একেক জন ব্যাংকের মালিক পরিচালক। সরকারি ব্যাংক থেকে টাকা নিয়ে তারা বেসরকারি ব্যাংকের পরিচালক হয়েছে। অবৈধভাবে টাকা লুট করে কারা এরকম ব্যাংকের মালিক হয়েছে তাদের নাম প্রকাশ্যে আসা উচিত। তাদের খুঁজে বের করতে হবে। কিন্তু তা না করে আমরা তাদেরকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দিচ্ছি। এ অবস্থা থেকে বেড়িয়ে আসতে হবে।

তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করতে ১ লাখ টাকা থেকে ঋণের সুবিধা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ১ লাখ টাকায় কোনো ব্যবসা করা যায় না। এই খাতে বাজেট বাড়ানো প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ