স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। আজকের যে উন্নয়ন তা আগে ছিল না। মানুষ ভাত পায় না, এ অবস্থা আর দেখা যায় না। গ্রামের আগের চিত্র এখন মিউজিয়ামে রাখতে হবে।
সোমবার (১৫ মে) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল আয়োজিত ঢাকা-১২ সংসদীয় আসন উন্নয়নের ১৪ বছর বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেসব স্বপ্ন দেখেছেন সেগুলোই বাস্তবায়ন করছেন তার কন্যা শেখ হাসিনা। একজন সম্মুখসারির মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি নিয়োগ দিয়েছেন। আমাকে নিয়োগ দিয়ে তিনি বলেন, সারা বাংলাদেশ তুমি ঘুরে ঘুরে প্রকৃত চিত্র বের করে সমাধান করবে। সেই কাজই আমি করে চলেছি।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সম্পর্কে মন্ত্রী বলেন, ১৫ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বিভিন্ন প্রশিক্ষণ অনুযায়ী আজকের পুলিশ কোনো ঔপনিবেশিক পুলিশ নয়। কোনো দুর্নীতি করে নয়, যোগ্যতা ও মেধার জোরে আজকে সবার নিয়োগ হয়।
তেজগাও ট্রাক স্ট্যান্ড ও কারওয়ানবাজার সম্পর্কে মন্ত্রী বলেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জন্য টি এন্ড টির ফাঁকা জায়গায় নেয়ার জন্য বলেছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনযায়ী তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, মহাখালী বাস টার্মিনাল ও কারওয়ানবাজার দ্রুত স্থানান্তরে কাজ করা হবে।











