spot_img

মডেল মসজিদের ভবনের মান নিয়ে সংসদে অভিযোগ, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগ সরকারের আমলে মসজিদ ও ইসলামের নামে যা করা হয়েছে, তা অত্যন্ত গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই সঙ্গে মডেল মসজিদগুলোর প্রকল্প ব্যয় তদন্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইনের পক্ষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে অর্থ লুটপাটের জন্য নানা প্রকল্প নেওয়া হয়েছিল। আমি বলছি না, এখানে পদ্মা সেতুর মতো দুর্নীতি হয়েছে। মডেল মসজিদ অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু মসজিদের নামে, ইসলামের নামে যা করা হয়েছে, তা অত্যন্ত গর্হিত কাজ।’

সম্পূরক প্রশ্নে জয়নুল আবদীন ফারুক তার নির্বাচনী এলাকা সেনবাগের মডেল মসজিদের উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, ভবনটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ছাদ দিয়ে পানি পড়ে, যাতায়াত ব্যবস্থাও অত্যন্ত দুর্বল। এ সময় তিনি মডেল মসজিদ প্রকল্পের তদন্ত দাবি করেন।

পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল তার নির্বাচনী এলাকার দুর্গাপুরের মডেল মসজিদের অবস্থা আরও ভয়াবহ বলে অভিযোগ করেন।

কায়সার কামাল বলেন, সামনে বিশাল একটি পুকুর, তার পেছনে মডেল মসজিদ। সেখানে যেতে একটি সেতুর প্রয়োজন। স্থানীয়রা মসজিদটির নাম দিয়েছে “দুর্গাপুরের তাজমহল”।’

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মডেল মসজিদ নির্মাণের প্রকল্প ব্যয় নির্ধারণ যথাযথ ছিল কি না, সেটি একটি যৌক্তিক প্রশ্ন। এখন ১৩ কোটি টাকা থেকে বেড়ে কীভাবে ২১ কোটি টাকায় গেল। এ মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় তদন্তের জন্য আমি আজই মন্ত্রণালয়কে নির্দেশ দেবো। এর মধ্যে তদন্তে সরকারের অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ