ভারতের রাজস্থানের আলওয়ারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে দারুল উলূম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস মাওলানা মুফতী সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-এর পুত্রবধূ ও নাতি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৩ শিশুসহ আরো ৫ জন।
জানা যায়, আহতদের চিকিৎসার জন্য জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর দেওবন্দে পৌঁছতেই তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।
তথ্য অনুযায়ী, দারুল উলূম দেওবন্দের মুফতী সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-এর ছেলে মুফতী আহমদ সাঈদের স্ত্রী রাশিদা (৩৫) তার ভাই আবদুল্লাহকে নিয়ে পালনপুর থেকে গাড়িতে করে দেওবন্দ আসছিলেন। গাড়িটিতে চার শিশু ও এক চাচাতো ভাই ছিল।
বুধবার (১৭ মে) ভোর ৫ টার দিকে তারা আলওয়ার হাইওয়েতে পৌঁছলে গাড়ি চালানোর সময় আবদুল্লাহ হঠাৎ তন্ত্রাচ্ছন্ন হয়ে পড়েন। ফলে দ্রুতগামী গাড়িটি রাস্তার পাশের ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে মারাত্মকভাবে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রাজস্থান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথচারীদের সহায়তায় গাড়িতে আটকে পড়া সবাইকে বের করে আনতে সক্ষম হয়। এতে ঘটনাস্থলেই মুফতী সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-এর পুত্রবধূ রাশিদা (৩৫) ও নাতি হাফিজ (১৮) মারা যায়। দূর্ঘটনায় আবদুল্লাহ ও আরেক ভাইসহ তিন শিশু গুরুতর আহত হয়।
সূত্র: দেওবন্দ টাইমস











