আড়াই হাজার কর্মী দিয়ে ১৭ কোটি মানুষের দুর্নীতি রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনার (অনুসন্ধান) ড. মুহাম্মাদ মোজাম্মেল হক খান।
আজ সোমবার (২২ মে) সকালে চট্টগ্রাম বন্দরের শহীদ মুহাম্মাদ ফজলুর রহমান মুন্সী অডিটরিয়াম চত্বরে এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। তরুণদের দুর্নীতি-বিরোধী মঞ্চ ‘সততা সংঘ’র ব্যানারে এই সমাবেশের আয়োজন করে দুদক।
দুদক কমিশনার ড. মুহাম্মাদ মোজাম্মেল হক বলেন, দুদক কোনো শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করে তদন্ত করে না। দুদক সব ধরনের, এমনকি সাধারণ মানুষের অবৈধ উপার্জনের বিষয়েও তদন্ত করে। দুর্নীতি দমন দুদকের একার কাজ নয়। আমাদের জনবল আছে এক হাজার ২০০-এর মতো। আরও এক হাজার ২০০ জনবল নেওয়ার সুযোগ আছে। এই আড়াই হাজার কর্মী দিয়ে ১৭ কোটি মানুষের দুর্নীতি রোধ করা সম্ভব নয়।
দুদক কমিশনার বলেন, দুর্নীতি দমন না করলে স্মার্ট বাংলাদেশ হওয়ার সুযোগ নেই। বঙ্গবন্ধু কুমিল্লায় ক্যাডেটদের বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে। তিনি জীবিত থাকলে বহু আগেই মধ্যম আয়ের দেশ হতাম আমরা। বঙ্গবন্ধু পিরোজপুরে বলেছিলেন—কেউ দুর্নীতি করলে পোস্ট কার্ডে জানাবে, আমি বিচার করব।
তিনি বলেন, ওসি প্রদীপের সম্পদের তথ্য চেয়ে সাতটি দেশে চিঠি পাঠানো হয়েছে। তার মামলা চলমান রয়েছে। মামলার রায়ও হয়েছে। তার সম্পদের নিশানা খোঁজার জন্য বিভিন্ন দেশের সহযোগিতা দরকার হয়। সাতটি দেশে আমরা পত্র আলাপ করেছি।











