প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। বুধবার (৩১ মে) নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। অবশ্য যেখানে এই ভূমিকম্প আঘাত হেনেছে তার বেশিরভাগই জনবসতিহীন দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত।
বুধবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে- যার বেশিরভাগ জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ৬.২ মাত্রার একটি ভূমিকম্পের খবর দিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সি জানিয়েছে, বুধবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) নিচে। এই ঘটনায় তাৎক্ষণিক ভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
সূত্র : এএফপি











